সরকারী জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫, আটক ১

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী বাজারে সরকারী খাস জায়গা দখল নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, খুকনি গ্রামের মৃত শুকুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন এবং মৃত ওয়াজ আলীর ছেলে মাহমুদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সরকারী ৭ শতাংশ জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে আনোয়ার হোসেন বিবাদমান ঐ জায়গায় ঘর তুলতে গেলে মাহমুদের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ৮ জনকে রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।