১০ হাতবোমাসহ ছাত্রশিবিরের ছয়কর্মী গ্রেপ্তার

রংপুর নগরীর কামারপাড়া এলাকায় একটি বেসরকারি ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে ১০টি হাতবোমাসহ ইসলামী ছাত্রশিবিরের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছাত্রবাসের মালিক আকবর আলীকেও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, “ছাত্রশিবিরের কর্মীরা নগরীতে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন মাহিন ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়। এসময় ছাত্রশিবিরের ৬কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। মেস মালিক ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য হওয়ায় তাকেও গ্রেপ্তার করা হয়”।
তিনি জানান, “মেসটিতে ছাত্রশিবিরের ১৩ কর্মী থাকতেন। পুলিশের আগমন টের পেয়ে অপর ৭জন সটকে পড়ে”।

রাত সোয়া ১১টা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকায় গ্রেপ্তার শিবিরকর্মীদের নাম জানাতে অপরগতা জানান ওসি জিলানী।