চীন সফরে প্রিন্স উইলিয়াম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাত্ করেছেন প্রিন্স উইলিয়াম। ১৯৮৬ সালে রানী এলিজাবেথের পর ব্রিটিশ রাজপরিবারের হাই প্রোফাইল কোন সদস্যের এটিই প্রথম সফর। খবর বিবিসি’র।

সাক্ষাত্কালে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ব্রিটিশ রাজপরিবার সব সময় অবদান রেখে থাকেন। এসময় প্রিন্স উইলিয়াম রানীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন প্রেসিডেন্টের কাছে।  
বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে উভয়ে বেশকিছু বিষয়ে আলোচনা করেন। এই সফর সম্পর্কে চীনা প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যকার বোঝাপড়া এবং চীন-যুক্তরাজ্যের জনগণের মধ্যে বন্ধুত্বের ক্ষেত্রে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা কর্মকর্তারা বলেন, এসময় তারা বন্যপ্রাণী রক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই সফরে প্রিন্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখবেন। প্রিন্স উইলিয়াম চীন সফরে আসলেও প্রিন্স চার্লস কখনো চীনে যান নি। চীনের গ্রেট হলে বৈঠকে তাকে আমন্ত্রণ জানানোর কারণে চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রিন্স উইলিয়াম।