‘খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা পুলিশের কাছে পৌঁছায়নি’

 
 
 
 
 
 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে আদালতের পরোয়ানা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির বিষয়ে নিম্ন আদালতের সার্চ ওয়ারেন্ট মন্ত্রণালয়ে পৌঁছেছে।’ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।
খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে এসে পৌঁছালে তা পালন করা সরকারের করণীয়। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।’
খালেদা জিয়া আদালতে হাজির হাজির না হলে সরকার কী করবে—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আদালতে হাজির হওয়া বা অনুপস্থিত থাকা তার নিজস্ব ব্যাপার। তবে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী ছিলেন। প্রাপ্ত সম্মানই তাকে দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেয়া হবে।’
অভিজিত্ হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি দুঃখজনক। এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হবে।’
হত্যাকাণ্ডের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল—এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান—পুলিশ ২০০ গজ দূরে ছিল। আর তিনি শুনেছেন, হত্যাকারীরা অভিজিেদর সঙ্গেই ছিল। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।