টানা চার কর্মদিবস ধরে পুঁজিবাজারে সার্বিক মূল্যসূচক কমছে। সঙ্গে কমছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ২২১ কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম। এ দিকে, এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অনেক কমে গেছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমে যাওয়ায় লেনদেন কমে যাচ্ছে। কারণ, বিনিয়োগকারীরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ কমে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৫ কমে ১ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১ কোটি ২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭৭ কোটি ৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে—প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াশেষে আগামীকাল বৃহস্পতিবার শাশা ডেনিমসের শেয়ার লেনদেন দেশের উভয় শেয়ারবাজারে শুরু হবে। কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ দিকে, আইপিওর মাধ্যমে বাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে। কোম্পানিটির আইপিও আবেদন ২৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০টি শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। প্রতি আবেদনে ২০০টি শেয়ারের জন্য আবেদন করতে হবে।