অবরোধ-হরতাল নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অচিরেই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘কোট যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আইনশৃঙ্খলা বাহিনী এটার দায়িত্ব পালন করবে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ সময়ে তাকে গ্রেফতার করবে।’
দুই মাস ধরে নিজের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করতে গত সপ্তাহে পরোয়ানা জারি হয়।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে পোস্টার-ব্যানার পেস্টুন নিয়ে জড়ো হতে থাকে হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহিমের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বেগম ফরিদুরন্নাহার লাইলী, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, বাবু সুজিত রায় নন্দী প্রমুখ। পরে বেলা সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউজে সকল প্রার্থীদের উপস্থিতিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল-উল আলম হানিফ সাবেক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি সকলকে উক্ত কমিটির নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান।