বাড়ল হরতাল, পেছাল পরীক্ষা



যথারীতি আবারও বাড়ল হরতাল। মঙ্গলবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরতাল চলবে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত। এদিকে হরতাল বাড়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকাল বুধবারের এসএসসি পরীক্ষা পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে চলমান হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে। এর আগে রবিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।
 
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সংঙ্গীত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল। এছাড়া আজ দাখিলেও পরীক্ষা ছিল।
 
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে এ পর্যন্ত ১৩ দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।