কৃষিপণ্যে মূল্যসংযোজন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বক্তারা। মঙ্গলবার ইউএসএআইডির অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন প্রজেক্ট এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যের প্রমোশন: পণ্য নির্দেশন এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ কথা বলেন। তারা বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি খাতের সাথে জড়িত। বাংলাদেশের কৃষি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ভালো মানের চাল ও আলু রফতানি করছে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে কৃষির বহুমুখীকরণের পাশাপাশি পণ্যের মান সংযোজন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নের জন্য নতুন নতুন প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্য উত্পাদনে গতানুগতিক ধারার বাইরে উন্নত জ্ঞান আহরণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিসিসিআই সহসভাপতি মো. শোয়েব চৌধুরী, মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, ইউএসএআইডির অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন প্রজেক্টের প্রধান উইলিয়াম টি লেভিন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) প্রশিক্ষক গ্রেগ স্যাম্পসন ও পেট্রা ওয়ালটারোভা।