বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট মঙ্গলবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাত্ করেছেন। মার্কিন রাষ্ট্রদূত এ সময় তাকে বলেছেন, ‘বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিরোধী-দলীয় নেতার সংসদ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—সাক্ষাত্কালে বার্নিকাট বলেছেন—নারীর ক্ষমতায়নসহ নারী অধিকার ও নারীদের কর্মসংস্থান বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে রওশন এরশাদ জানান—দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে দেশ এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাকখাতে বাংলাদেশ যেন আরো বেশি এগিয়ে যেতে পারে সে জন্য বিরোধীদলীয় নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। জাপা দলীয় এমপি ফখরুল ইমাম, সেলিম উদ্দিন ও রওশন আরা মান্নান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিসকো এ সময় উপস্থিত ছিলেন।