ডব্লিউএমসিতে বাংলাদেশি কোম্পানি পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী পলক

 
বার্সেলোনায় চলমান বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় সম্মেলন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণকারী বাংলাদেশি কোম্পানি রিভ সিস্টেম এর স্টল পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, রিভ সিস্টেম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান, অ্যামটবের মহাসচিব টি আইএম নুরুল কবির এবং গ্রামীণফোন ও রবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেওয়া একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরণের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশগ্রহণের জন্য রিভ সিস্টেম এর প্রশংসা করে অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। বাংলাদেশের সম্ভাবনাময় অন্যান্য আইটি কোম্পানিগুলো যাতে এসব মেলায় অংশ নেয় সে ব্যাপারে বেসিসের উদ্যোগ কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে বেসিসের সদস্যপদ নেওয়া রিভ সিস্টেম আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বিশ্বের প্রায় ১৪টি দেশের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের অধিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।