পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভাই কালাম মোল্লাকে হত্যা করেছিলো সৎভাই ও তার ছেলে। এ মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের মো. মালেক মোল্লার ছেলে মো. শাহাজাহান মোল্লা (৫০), শাহাজাহান মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা (২০) ও মৃত তোজাম সরকারের ছেলে মো. হাবিবার সরকার (৫০)।
এ মামলার অপর ৪ আসামি হাবিবার সরকারের স্ত্রী সাহানা বেগম (৪০), মৃত তোজাম সরকারের ছেলে মো. নিজাম সরকার (৪০), নিজাম সরকারের স্ত্রী হারিছন বেগম (৩৫) ও নড়াইল জেলা সদরের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মিকাইল মোল্লাকে (৫৫) বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলো।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, ‘২০১৭ সালের ১৪মে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎভাই কালাম মোল্লাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে আসামিরা। তার আর্তচিৎকারে স্ত্রী রাজিয়া বেগম এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। মারাত্মক আহত অবস্থায় কালামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কালামের স্ত্রী মোছা. রাজিয়া বেগম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৭জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.আনিচুর রহমান এজাহারভুক্ত আসামি শাহাজাহান মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (১৮), নিজাম সরকারের ছেলে মো. সোয়ান সরকার (১৮) ও হাবিবার সরকারের ছেলে মো. রোমান সরকারকে (১৮) কিশোর আদালতে পাঠিয়ে দিয়ে এবং হাবিবার সরকারের স্ত্রী সাহানা বেগম (৪০) ও নিজাম সরকারের স্ত্রী হারিছন বেগমকে সংযুক্ত করে ৭জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আরও পড়ুনঃ বাঞ্ছারামপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক ও এপিপি অ্যাডভোকেট শাকেরিন সুলতানা।
ইত্তেফাক/নূহু