এফবিআই এক সপ্তাহের মধ্যেই ঢাকায় আসছে

প্রকৌশলী ও লেখক ড. অভিজিত্ রায়ের হত্যাকাণ্ড তদন্তে সহায়তা করতে আগামী এক সপ্তাহের মধ্যেই ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— এফবিআই। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেছেন, ‘এফবিআই সদস্যরা চলতি সপ্তাহেই ঢাকা আসতে পারে বলে আমরা শুনেছি। তবে এখনো তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি।’ এদিকে ড. অভিজিতের স্ত্রী রাফিয়া আহমেদ বন্যাকে উন্নত চিকিত্সার জন্য গতকাল যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের তত্ত্বাবধানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন গ্রেফতারকৃত শফিউর রহমান ফারবীকে গতকাল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে ডিবি। আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায়, ড. অভিজিত্ রায় হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য ‘শিগগিরই’ ঢাকা আসছে এফবিআই’র একটি প্রতিনিধি দল। এ হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবে বাংলাদেশ সরকার সায় দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। দূতাবাসের ওই সূত্র জানিয়েছে, ‘হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশি আইন -শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য এফবিআইয়ের একটি ছোট দল বাংলাদেশে আসছে। অন্য দেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা ও সহায়তা দেয়া বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ। এফবিআইয়ের প্রতিনিধি দল তদন্তে কারিগরি সহায়তা দেবে। আইন-শৃঙ্খলা নিয়ে দুই দেশের শক্তিশালী ও দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের ধারাবাহিকতায় এই তদন্তে সহযোগিতা।’  
এফবিআই তদন্ত দল চলতি সপ্তাহেই ঢাকা আসতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম। গতকাল দুপুরে নিজের কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এফবিআই সদস্যরা চলতি সপ্তাহেই ঢাকা আসতে পারে বলে আমরা শুনেছি। তবে এখনো তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি।’ 
চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রের পথে বন্যা
উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের তত্ত্বাবধানে সন্ত্রাসী হামলায় নিহত ড. অভিজিত্ রায়ের স্ত্রী আহত রাফিদা আহমেদ বন্যাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। ড. অভিজিত্ রায়ের পিতা এবং বন্যার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. অজয় রায় গতকাল বিকেলে বলেন, ‘দূতাবাস আমাকে জানিয়েছে বন্যাকে প্রথমে ইস্তাম্বুল (তুরস্ক) নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হবে। কারণ যুক্তরাষ্ট্র যেতে অনেক সময় লাগবে। তাই ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে সেখানে চিকিত্সা দেয়া হবে। তারপর যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হবে।’ তিনি বলেন, ‘বন্যা যেহেতু মারাত্মকভাবে আহত তাই তাকে সার্বক্ষণিক দেখভালের জন্য হংকং থেকে একজন ডাক্তার আসার কথা। আমি শুনেছি সেই ডাক্তার এসেছেন এবং বিমান হয়তো এতক্ষণে ইস্তাম্বুল পৌঁছে গেছে।’
ফারাবী ১০ দিনের রিমান্ডে
ড. অভিজিত্ হত্যা মামলায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীর ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব ফারাবীকে আটক করে সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চান। আদালত রিমান্ড মঞ্জুর করেন। 
রিমান্ড আবেদনে বলা হয়, ফারাবী ফেসবুকে বিভিন্ন সময় অভিজিেক হুমকি দিয়ে আসছিল। অভিজিতের বাবা মামলার বাদীও দাবি করেছেন, দেড় বছর ধরে সে অভিজিেক হুমকি দিয়ে আসছে। ফারাবীর ফেসবুক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, সে তার এক বন্ধুকে বলেছে- ‘অভিজিত্ রায় আমেরিকায় থাকে। এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবী অভিজিেক ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়ার কথা স্বীকার করেছে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনসহ পলাতক খুনীদের গ্রেফতার সম্ভব হবে।

ফারাবীকে আদালতের এজলাসে হাজির করার পর এ আবেদন শুনানির সময় তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না। সে নিজেও কোন কথা বলেনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. রেজাউল করিম তদন্ত কর্মকর্তার প্রার্থিত রিমান্ড মঞ্জুর করেন।