দিনাজপুরের বিরামপুরে ট্রাকে আগুন দেয়ার সময় জনতা এক শিবিরকর্মীকে আটক করা পুলিশে, সোপর্দ করেছে। এসময় আরো তিন শিবির কর্মী পালিয়ে গেছে। এছাড়া শিবির কর্মীর আশ্রয়দাতাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে পাঁচটায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-শিবিরকর্মী আল ইমরান (২২) ও তার আশ্রয়দাতা মনোয়ার।
জানা গেছে, পার্বতীপুর খনি থেকে কয়লাবাহী নিয়ে একটি ট্রাক বিরামপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে আরো কয়েকটি ট্রাকের সঙ্গে রাতে দাঁড়িয়ে ছিল। ভোরে ঐ ট্রাকের একটি চাকায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে ট্রাকচালক আবদুল কাদের চিত্কারে অন্যান্য ট্রাকের লোকজন এসে আগুন নেভায় ও অগ্নি সংযোগকারীদের ধাওয়া করে ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ইমরান জানায়, সে জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির বিরামপুর শাখার কর্মী। তার দেয়া তথ্য মতে পুলিশ ইমরানের আশ্রয়দাতা শহরের শান্তিনগর এলাকার মনোয়ার মেকারকে আটক করেছে।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের জোর প্রচেষ্টা চলছে।