বৃহস্পতিবার রিভিউ আবেদন করবেন কামারুজ্জামান

 
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার রিভিউ আবেদন করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, রায় পুনর্বিবেচনা করার বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এটি দাখিল করা হবে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যান তার আইনজীবীরা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠমতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুরুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেন। ঐ দিনই তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।