বকশীবাজারে আদালতের কাছে ককটেল বিস্ফোরণ

পুরনো ঢাকার বকশী বাজারে বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দু’টি মামলার শুনানি চলাকালে কাছেই তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
 বুধবার বেলা সোয়া ১২টার দিকে আদালত থেকে প্রায় দুইশ গজ দূরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের উত্তরের সড়কে হাতবোমাগুলো ফাটানো হয়। এতে কেউ আহত হননি বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এই অস্থায়ী এজলাসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। গতকাল শুনানি শুরুর পৌনে এক ঘণ্টা পর আদালতের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রসঙ্গত, সকাল থেকেই আদালত ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। আদালতের সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। আদালতের চারদিকে একশ’ গজের মতো এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। উত্তর দিকের যেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে তার কিছুটা দূরেই হাতবোমার বিস্ফোরণ ঘটে।