কম টাকায় খোলা সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ সুদ দেয়ার নির্দেশ


 কম টাকায় খোলা হিসাবে জমা অর্থের বিপরীতে সর্বোচ্চ সুদ দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সেবা বঞ্চিত জনগোষ্ঠীর উৎসাহ-উদ্দীপনায় যেন ভাটা না পড়ে সেজন্যই বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এমন প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ১০, ৫০ ও ১০০ টাকার বর্তমানে প্রায় দেড় কোটি ব্যাংক হিসাব রয়েছে।
কেন্দ্রিয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থিক সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে কৃষক, বিভিন্ন ভাতাভোগী, স্কুল বা কলেজের শিক্ষার্থী, কর্মজীবী পথশিশু-কিশোরসহ বিভিন্ন আর্থিক সেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য নূন্যতম ১০, ৫০ ও ১০০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য বিভিন্ন সময়ে নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম আরো বৃহৎ পরিসরে নিয়ে দেশের অর্থনীতি সুদৃঢ় করতে এ ধরনের হিসাবগুলোকে অধিকতর সচল, আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তোলা জরুরী। এমন প্রেক্ষাপটে ব্যাংকে প্রচলিত কৃষক, স্কুল ব্যাংকিং, কর্মজীবী পথশিশু-কিশোরদের হিসাবে ব্যাংকের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের মধ্যে সর্বোচ্চ মুনাফা বা সুদ হার প্রযোজ্য করার নির্দেশ দেওয়া যাচ্ছে।
ব্যাংকগুলোতে কম টাকায় খোলা হিসাবের মধ্যে সব চেয়ে বেশি রয়েছে কৃষকদের নামে। বর্তমানে তাদের হিসাব সংখ্যা এক কোটির মতো। এসব হিসাবের বেশিরভাগ রয়েছে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোতে। সরকারি ব্যাংকগুলো চলতি মাসের এক তারিখ থেকে সঞ্চয়ী হিসাবের সুদহার কমিয়ে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে। আশানুরুপ বিনিয়োগ চাহিদা না থাকায় অন্য ব্যাংকগুলোও দীর্ঘদিন ধরে সুদহার কমিয়ে আনছে। বেসরকারি খাতের বেশিরভাগ ব্যাংকের আমানতে সুদহার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। সর্বোচ্চ সুদহার এমন হলেও আমানতের ধরন ভেদে সুদহারের ভিন্নতা রয়েছে। এমন প্রেক্ষাপটে ক্ষুদ্র আমানতকারীরা যেন নিরুৎসাহিত না হন, এজন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে।