দলে চলমান সংকটের কারণে ভারতের আম আদমি পার্টির (এএপি) নির্বাহী কমিটির বৈঠকে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল একই সঙ্গে আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী। কিছু দিন ধরেই নিজ পদে কেজরিওয়ালের থাকা না থাকা নিয়ে এএপিতে নানা গুঞ্জন ও টানাপোড়েন চলছে। খবর এনডিটিভির।
এ দিকে, দলের ভেতরে চলমান ক্ষমতার লড়াইয়ের সূত্র ধরে আলোচনা করতে বুধবার এএপির জাতীয় নির্বাহী বৈঠক বসার কথা ছিল। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর দুই কঠোর সমালোচক যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে দলের রাজনৈতিক নীতি নির্ধারণী বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেয়া হতে পারে।
এএপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে—দল থেকে কেজরিওয়ালকে সরাতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকজন নেতা অভিযোগ করেন—কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন দলের দুই নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ।
এ দিকে, সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে মঙ্গলবার পরপর দুটি টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেজরিওয়াল। প্রথম টুইটে তিনি বলেন, ‘দলে যা হচ্ছে, তা নিয়ে আমি সত্যিই আঘাত পেয়েছি। দিল্লির জনগণের সঙ্গে এটি বিশ্বাসঘাতকতা।’
পরের টুইটে তিনি বলেন, ‘এ কুিসত দ্বন্দ্বে আমি নিজেকে জড়াতে চাই না। দিল্লির সরকার পরিচালনাতেই আমার মনোযোগ বেশি থাকবে।’