পিকেএসএফের নতুন প্রকল্প পিএসিই

ক্ষুদ্র উদ্যোক্তাদের ইন্টারনেট-ভিত্তিক বিপণন সহায়তা দেয়া হবে

 
 
 
 
 
ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মকাণ্ড সম্প্রসারণে আর্থিক সেবার পাশপাশি উত্পাদিত পণ্য বিপণনে ইন্টারনেট-ভিত্তিক বিপণন সহায়তা দেয়া হবে। এ ছাড়া, উদ্যোক্তাদের প্রযুক্তিগত বাধা দূরীকরণে নানাবিধ কর্মসূচিও গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রমোটিং অ্যাগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ (পিএসিই) শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। বুধবার পিকেএসএফ ভবনে এ প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমসহ পিকেএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ কর্মশালায় বক্তব্য দেন।
প্রকল্প সমন্বয়কারী এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক আকন্দ মো. রফিকুল ইসলাম জানান—পিকেএসএফ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) যৌথ অর্থায়নে ছয় বছর মেয়াদি এ প্রকল্পটি দেশব্যাপী বাস্তবায়ন করা হবে। ব্যয় হবে ৯ কোটি ২৮ লাখ ডলার, এর মধ্যে ইফাদের অবদান থাকবে ৪ কোটি ডলার। অবশিষ্ট তহবিল পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহ জোগান দেবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘নতুন প্রকল্পটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে।’
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পিকেএসএফের সকল কাজ মানবকেন্দ্রিক। ক্ষুদ্র উদ্যোগ তথা গ্রামীণ শিল্পের বিকাশের মাধ্যমে এ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।’