টানা চার কর্মদিবস ধরে পুঁজিবাজারে সূচক নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এ চার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ৮১ পয়েন্ট কমেছে। লেনদেন নেমে এসেছে ২২১ কোটি টাকায়। এ দিকে, বুধবার ডিএসইর লেনদেনে সর্বোচ্চ অবদান ছিল জ্বালানি খাতের। এ ছাড়া, ব্যাংকিং ও ইঞ্জিনিয়ারিং খাতও লেনদেনের শীর্ষে উঠে এসেছে। এ তিন খাতে লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকার, যা বাজারের মোট লেনদেনের ৪৪ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ কমে ৪ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৮২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ কমে ১৪ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসই সূত্রে জানা গেছে—তালিকাভুক্ত ব্যাংকিং খাতের তিন কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ, ডাচবাংলা ব্যাংক ৪০ শতাংশ নগদ এবং ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।