গাইবান্ধায় অপহরণের পর এনজিও কর্মীর লাশ উদ্ধার

 
গাইবান্ধায় কর্মরত ‘ফ্রেন্ডশিপ’ নামে একটি বেসরকারি সংগঠনের জেলা কার্যালয়ের চতুর্থশ্রেণীর কর্মচারী গোলাম মোস্তফাকে (৩৯) অপহরণের সাতদিন পর বুধবার তার লাশ পাওয়া গেছে। সকালে জেলার ফুলছড়ি উপজেলার কোচখালী নামক এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
‘ফ্রেন্ডশিপ’ এর গাইবান্ধা কার্যালয়ের জেলা সমন্বয়কারী আব্দুল হালিম জানান, গত বৃহস্পতিবার গাইবান্ধা শহরের পূর্ব পাড়া ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা কার্যালয় থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী গোলাম মোস্তফা তার বেতন ভাতা উত্তোলন করেন। পরে ওইদিন বিকালেই গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল মোল্ল­ারচরে তার বাড়ি রওনা হন। নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পর হয়ে চরসিধাই নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে অপরহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন।
 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় তার বড় ভাই নুরুল ইসলাম গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।