দেখতে সুন্দর এমন নারীদের সৌদি আরবের নারীরা তাদের সংসারে গৃহপরিচারিকা হিসেবে নিতে চান না। সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বলছে—গৃহবধূরা আগে থেকেই সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাচ্ছেন, বিশেষ করে যারা মরক্কো ও চিলি থেকে আসছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, তারা সুন্দরী গৃহপরিচারিকা নিতে চাচ্ছেন না—এমন কয়েকজন নারীর সাথে কথা বলেছেন। খবর বিবিসির।
ওই গৃহকর্ত্রীরা বলেছেন—এ সব দেশের সুন্দরী নারীদের তারা গৃহপরিচারিকা হিসেবে চান না কারণ তাদের ধারণা সুন্দরী কর্মচারী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন।
জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ বলেন, ‘কিছু গৃহবধূ আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন—যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহপরিচারিকা চায় তাহলে ওই সব গৃহকর্মীর পরিবারে গ্রহণের আগে তারা অবশ্যই দেখে নেবেন। তাদের প্রধান শর্ত হলো—গৃহকর্মী সুন্দরী হতে পারবে না। সৌদি আরবে বিদেশি কর্মী নেয়া অনেক সময় ও অর্থের বিষয়। ভিসা ও অন্যান্য নিয়ম মতো প্রক্রিয়া শেষ করতে প্রায় ছয় মাস লেগে যায়। বাইশ হাজার রিয়ালের মতো লাগে চিলি থেকে কর্মী আনার ক্ষেত্রে।
উপসাগরীয় অঞ্চলের বিদেশি গৃহকর্মীর অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু। সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহপরিচারিকা ও গাড়িচালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।
কয়েকটি দেশ সৌদি আরবে নারী কর্মীদের সাথে আচরণের বিষয়ে নানা অভিযোগ তুলছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তার দেশ থেকে নারী কর্মী পাঠানো বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।