চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলু ভর্তি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিমতলা কাঁঠাল এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- চালক ফিরোজ (৪০), চালকের সহকারী সেলিম (৩০) ও পণ্যের মালিক সাহেব আলী (৩৬)।
জানা গেছে, গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকায় ট্রাকটিতে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এতে মুহুর্তেই ট্রাকে আগুন ধরে তিনজন দগ্ধ হন। এদের মধ্যে সেলিমের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানান চিকিত্সক। আহতদের দ্রুত রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, নওগাঁর ধামুরহাট থেকে আলু বোঝাই ট্রাকটি শিবগঞ্জে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এদিকে রাতেই পুলিশ ও যৌথবাহিনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।