জমি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলায় বৃহস্পতিবার জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। জবেদ আলী বাউষখালী গ্রামের বাসিন্দা কোহেল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউষখালী গ্রামের জবেদ আলী সাথে তার চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জবেদ আলী সাথে খলিলের কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ভেলার কোপে গুরুতর আহত জবেদ আলীকে মোকসেদপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া আয়ুব আলী (৩২), ওয়াহাব (৪৫), রুকু শেখ (৩০), আবেদ আলী (৩৭) ও সম্রাট শেখ (২৫) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।