মদন-সিলেট ও চট্টগ্রাম সড়কে বুধবার রাতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এ সড়কে রাত্রিকালীন বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মদন বাস মালিক ও পরিবহন শ্রমিকরা। এতে যাত্রী সাধারণ দারুণ দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিলেট ভোলাগঞ্জের উদ্দেশ্যে মদন থেকে ছেড়ে যাওয়া শাহ সুলতান বাসটি রাত সাড়ে দশটায় কিশোরগঞ্জ সদরের বিন্নাতি নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কমপক্ষে ১৬ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে মদন উপজেলার কদমশ্রী ডেমারগাতী গ্রামের আব্দুল মালেক এবং মৌলভী বাজারের জায়দা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠায়। বাকিরা কিশোরগঞ্জ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পরই এসব সড়কে রাত্রিকালীন বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ সদর হাসপাতালের স্টাফ নূর মোহাম্মাদ মাহতাব জানান, পেট্রোল বোমায় আহত ১৬ জনের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি কিশোরগঞ্জ সদরে ঘটেছে এবং মদনে আহত রোগীর লোকজন আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে।’