লালবাগে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই

 
রাজধানীর লালবাগে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি করে  ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ম্যানেজার তাসফিক (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, কাজী রিয়াজউদ্দিন রোডের শাহ সিমেন্টের একটি বিপণন প্রতিষ্ঠানের ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঐ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবদুর রহমান পুলিশকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার ম্যানেজার ছয় লাখ টাকা জমা দেয়ার জন্য ওয়ান ব্যাংকের চকবাজার শাখায় যাচ্ছিল। কাজী রিয়াজউদ্দিন রোডের একটি স্থানে চার-পাঁচজন ছিনতাইকারী গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় লালবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন।