তাড়াইল থেকে অপহৃত শিশু নান্দাইলে উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রাম থেকে অপহৃত ছয় বছরের শিশু আছিয়া আক্তার তাহমিদাকে অপহরণের ১০দিন পর গতকাল বুধবার রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপির খামারগাঁও গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে।
জানা গেছে, শিশুটিকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ফেবধুয়ারি অন্যান্য শিশুর সাথে খেলার সময় শিশু তাহমিদা নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা ২৭ ফেব্রুয়ারি স্থানীয় মসজিদের ঈমাম আইনুল ইসলাম একটি জিডি করেন। বুধবার রাতে
ডিবি পুলিশ অভিযান চালিয়ে নান্দাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুল ওয়াহাবের ছেলে আশরাফ এলাইচ সাগরকে (৩৫) গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই ডিবি পুলিশ উপজেলার খামারগাঁও গ্রামে টিপু মিয়ার শ্বশুর বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।