কামারুজ্জামানের রিভিউ: শুনানির দিন ধার্যে আদেশ রবিবার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছেন জামায়াত নেতা এম কামারুজ্জামান।
 
 বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ পিটিশন দাখিল করেন তার আইনজীবী শিশির মো. মনির।
 
এরপর দুপুরে রাষ্ট্রপক্ষ রিভিউ পিটিশন শুনানির দিন ধার্যের জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানায়।
 
আদালতের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার শুনানির দিন ধার্য করে দেয়া হবে বলে জানিয়ে দেন।
 
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমরা বলেছি, রিভিউ পিটিশনের শুনানি হওয়া দরকার।
 
আদালত বলেছে রবিবার তারিখ জানিয়ে আদেশ দেওয়া হবে। তিনি বলেন, এখন রিভিউ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত হয়ে গেছে।
 
গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মুহাম্মদ কামারুজ্জামানকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয়। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালও ফাঁসির দণ্ড দিয়েছিলো।
 
আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার (বর্তমানে প্রধান বিচারপতি) নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ চূড়ান্ত রায়ে এ ফাঁসির দণ্ড বহাল রাখেন। তবে আপিল বিভাগের  বিচারক ফাঁসির ভিন্ন মত পোষণ করেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত এ রায়টি ৫৭৭ পৃষ্ঠার।
পরদিন রায় ও এ মামলার নথিপত্র পাওয়ার পর কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
 
আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা।