অভিজিৎ হত্যা: ঢাকায় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করল এফবিআই

 
প্রকৌশলী ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— এফবিআইয়ের একটি প্রতিনিধি দল।
 
এফবিআইয়ের চার সদস্যের এই প্রতিনিধি দলটি বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে হত্যাকাণ্ডটি নিয়ে দীর্ঘ বৈঠক করেছে। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, ‘এফবিআই সদস্যরা বুধবার রাতে ঢাকায় পৌঁছান। অভিজিতের ওপর হামলাস্থল থেকে সংগৃহীত আলামত এবং এই হত্যাকাণ্ড নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।’ তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম ও পদবী সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।
 
মনিরুল ইসলাম বলেন, এফবিআই প্রতিনিধি দলটির সঙ্গে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক হয়। এ সময় তারা আমাদের কাছে অভিজিৎ হত্যার ব্যাপারে যা যা জানতে চেয়েছে আমরা তাদের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অবহিত করেছি।
 
 তিনি বলেন, ‘এফবিআই অভিজিত্ হত্যার ঘটনা তদন্ত করতে নয়, আমাদের তদন্তে সহায়তা করতে এসেছে। তারা তিনদিন বাংলাদেশে থাকবে।’
 
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ বইমেলা চলার মাঝামাঝি দেশে এসে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নিহত হন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হয়েছেন। চিকিত্সার জন্য এরইমধ্যে বন্যাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে সে দেশের সরকার। লেখক অভিজিৎ হত্যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তারা এই হত্যাকাণ্ড তদন্তে সহায়তার প্রস্তাব দিলে তাতে সায় দেয় বাংলাদেশ সরকার।
 
প্রসঙ্গত, এর আগে একুশ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য ঢাকা এসেছিলেন এফবিআই সদস্যরা।
মার্কিন দূতাবানের সূত্র জানিয়েছে, ‘আইন শৃঙ্খলা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের ধারাবাহিকতায় এফবিআই এসেছে।’
 
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে উগ্রবাদীরা হুমকি দিয়ে আসছিল বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। এই উগ্রবাদীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন অভিজিতের বাবা। হত্যায় জড়িত সন্দেহে উগ্রপন্থী ব্লগার ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। যার বিরুদ্ধে অভিজিতকে হত্যার হুমকির অভিযোগ রয়েছে।