অপরাধ বিষয়ক সাংবাদিক এবং নারী অধিকারকর্মী নাদিয়া শারমিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের 'সাহসী আন্তর্জাতিক নারী' (ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড-আইডব্লিউওসি) পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এই সম্মানজনক স্বীকৃতি লাভ করলেন। ৫ মার্চ ওয়াশিংটন ডি.সি.তে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।
নাদিয়া শারমিন বর্তমানে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনে কর্মরত রয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'আইডব্লিউওসি' সমাজ বদলাতে বিশেষ ভূমিকা রাখা নারীদের সাহসিকতার জন্য পুরস্কৃত করে থাকে। সারা বিশ্বের আরো আটজন নেতৃস্থানীয় নারীর সাথে তাকে সম্মান জানানো হবে। শারমিনসহ পুরস্কারপ্রাপ্ত অন্য নারীরা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও যুক্তরাষ্ট্র সরকারের বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করবেন।
IMG0
'আইডব্লিউওসি' পুরস্কার অনুষ্ঠানের পর শারমিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক ও অন্যান্য ক্ষেত্রের সফল নারী নেতাদের সাথেও দেখা করবেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য '৫৯তম কমিশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন' সম্মেলনে সারা বিশ্বের নারী অধিকারকর্মীদের সাথেও সাক্ষাৎ করবেন নাদিয়া শারমিন।