মধুখালীতে মেছো বাঘ আটক

 
মধুখালীতে এলাকাবাসী ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে বাঘ আটকের এ ঘটনা ঘটে সদর ইউনিয়নে খোকসার হাট গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনই গ্রামবাসীর হাস, মুরগি, ছাগল ধরে নিয়ে মেরে ফেলা ও খেয়ে ফেলার ঘটনা ঘটছিল। গ্রামবাসী ভেবেছিল হয়ত কোন বন বিড়াল বা খাটাশ এ কাজ করছে। তাই ওই জন্তুটিকে ধরার জন্য এলাকাবাসী  একটি ফাঁদ পাতে।
ফাঁদে  আটকা পড়ে মেছো বাঘটি। গ্রামবাসী বাঘটিকে লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বলেন, জনতার হাতে ইউনিয়নের খোকসারহাট গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে বলা হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বাঘটি গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
মধুখালী বন বিভাগের মো. ফরিদউজ্জামান জানান, গ্রামবাসী একটি মেছো বাঘ ধরেছে বলে আমি জেনেছি। বাঘটি জীবিত থাকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করবো।