রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন ইমরুল

 
রাতেই অস্ট্রেলিয়া রওনা হতে হবে- শুনে অবাক হলেন ইমরুল কায়েস। সকাল বেলায় সেই সাভারে রওনা হয়েছিলেন। বিকেএসপিতে তার দলের জাতীয় লিগ ম্যাচ চলছে; নিজে আগের দিন অপরাজিত ছিলেন ১২ রানে।
 
বৃহস্পতিবার সকালে প্যাড-ট্যাড পরে যখন উইকেটে গেলেন, তখনও জানেন না কী অপেক্ষা করছে তার জন্য। ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে ফিরলেন। তখনই ফোন। ‘দ্রুত বাসায় ফিরে ব্যাগ গুছিয়ে নাও। রাতেই অস্ট্রেলিয়া রওনা হতে হবে।’
 
চোট পেয়ে সতীর্থ এনামুল হক বিজয়ের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আর শোকাবহ এই খবরের ভেতরই হলো তার স্বপ্নপূরণ।
 
ঘরের মাটিতে গত বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ফিফটি করে, দুইটিতে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ইমরুল কায়েস।