কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় শিশুসহ ২ জনের মৃত্যু

 
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে পৃথক দুইটি ঘটনায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক রিকশা ও এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ২জন আহত হন।
বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর — ধামরাই সড়কের সাহেব বাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা তাহসিন মিয়া (১০) নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়। এসময় নিহত তাহসিনের মা, মিতু আক্তার (২৫) ও রিকশা চালক আলী হোসেন (৩৪) মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
নিহত তাহসিন উপজেলার বকসি বাড়ী গ্রামের মো. আবির হোসেনের পুত্র।  সে ভৃঙ্গরাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ।
ঘটনার কিছুক্ষণ পর  ওই একই সড়কের উপজেলার বলিয়াদী এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল বাসেদ (৬০) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই  মারা যায়। নিহত আব্দুল বাসেদ উপজেলার বাশুরা গ্রামের মৃত ওমেদ আলীর পুত্র।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ নিয়ে থানায় একটি মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. হাসান দুর্ঘটনায় হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।