বিতর্ক থামাতে ইমেইল প্রকাশের আহবান হিলারির

 
হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে বিতর্ক বাড়তে থাকায় তিনি দেশটির কর্মকর্তাদের তা প্রকাশ করার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় দাফতরিক ইমেইল ব্যবহার না করে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে।
 
২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার তদন্ত করা কংগ্রেসের একটি কমিটি তার ইমেইলগুলোকে হাজির করার নির্দেশ দেওয়ার পর হিলারির তরফ থেকে ওই আহবান জানানো হল। টুইটারে হিলারি লেখেন, ‘আমি চাই জনগণ আমার ইমেইল দেখুক।’ ওই টুইটে তিনি লেখেন, ‘আমি সেগুলো(ইমেইল) প্রকাশ করতে সরকারকে আহবান জানাই। তারা বলেছে যত দ্রুত সম্ভব প্রকাশের জন্য তারা সেগুলো পরীক্ষা করবে।’
 
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহার করা আইনের লঙ্ঘন কি-না, তা এখন খতিয়ে দেখছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার কোনো সরকারি ইমেইল একাউন্ট ছিল না। এদিকে নিউ ইয়র্কে হিলারির বাসভবনে তার নিজস্ব ইন্টারনেট সার্ভার থাকার বিষয়টি গত বুধবার প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন চাইতে পারেন। কিন্তু এই ইমেইল-বিতর্ক হিলারিকে চাপের মধ্যে ফেলেছে। সূত্র: বিবিসি