জুনের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সুপারিশ

 
চলতি বছরের ৩০ জুনের মধ্যে ঢাকার হাজারীবাগ থেকে সকল ট্যানারি শিল্পকারখানা সাভার চামড়া শিল্প এলাকায় স্থানান্তরের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি ওমর ফারুক চৌধুরী।
বৈঠকে সাভার চামড়া শিল্প এলাকা পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করা হলে কমিটি তা গ্রহণ করে। 
সাভার চাড়মা শিল্প এলাকায় সকল প্লট বরাদ্দ করার  পরেও হাজারীবাগে আরও কোনো ট্যানারি কারখানা থেকে গেলে সেগুলোও প্রয়োজনে প্রকল্প সংলগ্ন এলাকায় স্থানান্তরে জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়েছে।
ট্যানারি কারখানার মালিকদের ক্ষতিপূরণ প্রদানের অর্থ নির্ধারিত হার পরিবর্তন করে অন্যান্য সাধারণ ঠিকাদারী কাজের ন্যায় রানিং বিল হিসেবে পরিশোধেরও সুপারিশ করে কমিটি। এছাড়া সম্ভাবনাময় চামড়া শিল্প বিকাশে নীতি সহায়তাসহ স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির অন্য সদস্যদের মধ্যে- আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা ও আবুল কালাম মো. আহ্সানুল হক্ চৌধুরী অংশ নেন।
দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট দশম জাতীয় সংসদের চলতি পঞ্চম অধিবেশনে পাস হওয়া ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল, ২০১৫’ ও ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৫’-এ সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন।