হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি

সিটি ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

 
 
ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা আত্নসাত করার অভিযোগ অনুসন্ধানে দি সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে রবিবার কমিশন থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল।
 
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, দি সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক হেড অব এসএমই বদরুদ্দৌজা চৌধুরী, সাবেক হেড অব মার্কেটিং সাদাত আহমেদ খান, সাবেক বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল আজম মজুমদার ও সাবেক রিলেশন ম্যানেজার এম এম আশিক আল মেহেদী। 
 
সূত্র আরও জানায়, ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় দেশের চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা নিয়ে আত্মসাত্ করার অভিযোগ রয়েছে।
এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, সিটি ব্যাংক থেকে ৬ কোটি ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি  থেকে ২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাত্ করেছেন বলে জানা গেছে। এর বেশিরভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামী প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে উল্লেখিত ঠিকানার সঙ্গে বাস্তবের  কোনো মিল নেই।
 
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে এলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
 
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদনে এ সব ঋণ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করা হয়েছে।