ত্বকীকে যারা হত্যা করেছে তারাই চার্জশিট দেয়াকে প্রভাবিত করছে : আইভী

 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ত্বকী হত্যাকাণ্ডের দু’বছর হয়ে গেল অথচ রাষ্ট্র নিরব। আশা করছি অতি দ্রুত ত্বকী হত্যার চার্জশিট প্রদান করা হবে। ত্বকীকে যারা হত্যা করেছে তারাই চার্জশিট দেয়াকে প্রভাবিত করছে। এক বছর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মিডিয়ার কাছে বলেছিল চার্জশিট দেয়া হবে। তবে কোন একটা কারনে চার্জশিট প্রদান করা হয়নি।
 
বৃহস্পতিবার বিকেলে শহরের দেওভোগের নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট মাঠে ত্বকী হত্যার দু’বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজিত তিনদিন ব্যপী কর্মসূচির প্রথম দিনে আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
 
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার গ্রাফিক ডিজাইনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক অশোক কর্মকার, বাংলাদেশ টেলিভিশনের প্রধান ডিজাইনার জাহিদ প্রমুখ।
 
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী নিখোঁজ হওয়ার দুইদিন পরে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এক বছর আগে ত্বকী হত্যার তদন্তকারী সংস্থা র‌্যাব কিছু দিনের মধ্যেই অভিযোগ পত্র দেয়ার কথা বলেও অভিযোগপত্র প্রদান করা হয়নি।