বগুড়ায় মনিরুজ্জামান মানিক (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত । বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাবগ্রাম হাটে এই ঘটনা ঘটে ।
মানিক সদরের সাবগ্রাম উত্তরপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে । তিনি সদরের যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সভাপতি বলে জানিয়েছেন বগুড়া শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন ।
প্রত্যক্ষদর্শী ও নিহত মানিকের প্রতিবেশী মুকুর হোসেন জানান, মানিক স্থানীয়ভাবে দৈনিক সমিতি পরিচালনা করতো ।
বৃহস্পতিবার রাতে সাবগ্রাম হাটে সমিতির টাকা আদায়কালে একদল দুর্বৃত্ত মানিকের উপর হামলা চালায় । তারা মানিককে কুপিয়ে হত্যা করে । ঘাতকরা মানিকের মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে ।
বগুড়া সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান , লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । তবে ঘাতকদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে ।