৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুইশ নম্বরের দুই ঘণ্টার এই পরীক্ষা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার সময় ও কোন কেন্দ্রে পরীক্ষা হবে-তা জানিয়ে দেয়া হয়েছে।
এদিকে এবারের পরীক্ষায় বিভিন্ন কারণে ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে পিএসসি। বিসিএসসহ পিএসসির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি, অসদাচরণ ও নির্ধারিত ফি জমা না দেয়ায় এসব প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ২০ প্রার্থীকে বৈধ নতুন রেজিস্ট্রেশন নম্বর দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালকুলেটর নিষিদ্ধ:পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কোন কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, সব বিসিএসের প্রিলিমিনারিতে যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
পদ প্রতি প্রার্থী ১৩৫: এবার বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।
এর আগের বিসিএসের প্রিলিমিনারি একশ নম্বরের এক ঘণ্টায় পরীক্ষা হতো। ৩৫তম বিসিএস থেকে দুইশ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারিতে বসতে হবে চাকরি প্রার্থীদের। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। এবারের এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেয়া হবে। সে অনুযায়ী প্রতি পদের বিপরীতে ১৩৫ জন প্রার্থী লড়বেন।
৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।