আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে। তাই সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে হবে। দেশবাসীর এটাই প্রত্যাশা। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘খালেদা জিয়া নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে আদালতে হাজির না হয়ে যে বৈষম্যমূলক আচরণ করছেন, তা অমার্জনীয় অপরাধ। শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে উনি নষ্ট করছেন।’ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাসের পথ পরিহার করে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আরেকটি সুযোগ দিয়েছেন। এটি গ্রহণ করুন।’
আয়োজক সংগঠনের সভাপতি ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ সেলিম এমপি, সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি প্রমুখ।