'পেট্রলবোমা হামলার কোনো যৌক্তিকতা নেই'

 
 
 
 
বাংলাদেশে ঘৃণ্য পেট্রলবোমা হামলায় দায়ীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক রাতে প্রায় ২০ জন পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হওয়ার পর এক বিবৃতিতে এ আহবান জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বিবৃতিতে বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের ভয়ঙ্কর পেট্রলবোমা হামলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এসব ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। 
তিনি বলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন চরম উত্কণ্ঠায় রয়েছে। আর সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো ঝুঁকি সৃষ্টি হয়েছে। এমনটা যেন না হয় তা নিশ্চিত করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। তাদের দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এবং সমর্থকরা যেন মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে  না যায় সে জন্য জনসমক্ষে আহ্বান জানাতে হবে।
বিবৃতিতে বলা হয়, জানুয়ারি থেকে ঢাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর রাজপথে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশের মানবাধিকতার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত ৫ জানুয়ারি বিএনপি অনির্দিষ্টকালের অবরোধ ঢাকার পর থেকে পেট্রলবোমা হামলার ঘটনা বেড়েছে। যানবাহনে পেট্রলবোমা হামলায় এরই মধ্যে ৫০ জনের বেশি নিরীহ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন। কমপক্ষে সাতজন জীবন্ত দগ্ধ হয়েছেন। একশর বেশি লোক আহত হয়েছেন। ১৩ শর বেশি যানবাহন হামলার শিকার হয়েছে। ফয়েজ বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সহিংসতা বন্ধে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।’ 
একই সঙ্গে পুলিশি অভিযানে নিহতের ঘটনাগুলোতেও উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে—এ সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। বেআইনি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।