গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী এলাকা ডুবাইলে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ চারজন নিহত এবং কমপক্ষে ২০ আহত হয়েছে। বিকাল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেঃ বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিমা খাতুন (২২), বগুড়া জেলার ধুনট উপজেলার তোজাম সরকারের ছেলে আলম সরকার (৩০) । নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ওসি মোঃ হুমায়ুন কবীর জানান, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে টাঙ্গাইলগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তা থেকে ৬০ ফুট নিচে উল্টে পড়ে যায়। টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দমকলবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে এক নারীসহ দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর দুইজনের মৃত্যু হয়। আহতদের জামুর্কি, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, টাঙ্গাইল সদর ও সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।