মালির নাইটক্লাবে হামলায় নিহত ৫

 
মালির রাজধানী বামাকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহত ও আটজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ইউরোপের নাগরিক।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মেশিন গান ও গ্রেনেড নিয়ে বামাকোর একটি নাইটক্লাবে হামলা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফ্রান্সের এক ও মালির দুই নাগরিক নিহত হন। এছাড়া পার্শ্ববর্তী একটি সড়কে একটি গাড়িতে গ্রেনেড ছুগে মারলে বেলজিয়ামের এক নাগরিক নিহত হন। পরে হাসপাতালে ইউরোপের আরো এক নাগরিকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয়।
উর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মালির নিহত দুইজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও অপরজন নিরাপত্তা রক্ষী বলে ধারণা করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, চার ব্যক্তি একটি যানে ও একজন একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইসলামপন্থী জঙ্গিরা গত কয়েক বছর মালির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ‘কাপুরুষোচিত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন।