গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণকে পেট্রোলবোমা মেরে হত্যা করা অসুস্থ রাজনীতি। গুম, খুন ও ক্রসফায়ারও অসুস্থ রাজনীতি। বঙ্গবন্ধু আমাদের সুস্থ রাজনীতির পথ দেখিয়েছিলেন। কিন্তু আমরা উল্টোপথে হাঁটছি। দেশে এখন রুগ্ণ ও অসুস্থ রাজনীতি চলছে। এ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সে সময় জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। একান্ত নিজেদের একটি সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এখন জনগণের ক্ষমতা কোথায়? সাধারণ মানুষের স্বার্থও কেউ দেখে না।’
গণফোরামের সভাপতি বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কথা বলা হচ্ছে। এখনো তফসিল ঘোষণা হয়নি। অথচ এর আগেই বিলবোর্ডে ছেয়ে গেছে। কোথা থেকে এই টাকা আসে? এটা কোনো রাজনীতি? বল প্রয়োগই মুখ্য হয়ে উঠেছে।’
ড. কামাল বলেন, ‘রাজনীতিতে মনোনয়ন বাণিজ্য চলছে। নির্বাচনবাণিজ্য, ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য চলছে। আমরা কোনো দিন এসব করিনি।’
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট ফকির আনোয়ার, ফজলুল কবির কাওসার, সাইদুর রহমান প্রমুখ।