রাউজানে বৃক্ষ নিধনের সময় ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু

রাউজানে বৃক্ষ নিধনের সময় কাটা গাছের ডালের আঘাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জসিম উদ্দিন কাঞ্চন (২৪)। সে পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের আধার মানিক গ্রামের হাজী দরবেশ আলী বাড়ির মৃত ফজল করিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জনৈক কাঠ ব্যবসায়ী আব্দুল কাদের হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাঁদ হাজী বাড়ি হতে ক্রয়কৃত গাছ কাটার জন্য ৪ জন শ্রমিক নিয়োগ করেন। গাছ কাটার এক পর্যায়ে ওপর হতে গাছের একটি ডাল জসিম উদ্দিন কাঞ্চনের মাথায় পড়ে। শ্রমিক কাঞ্চন তখন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান হতে স্থানীয় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার গহিরাস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। সেখানে ঘন্টাখানেক পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক জসিম উদ্দিন কাঞ্চন এক কন্যা ও পুত্র সন্তানের জনক। 

আরও পড়ুনঃ চান্দিনায় বজ্রপাতে নিহত এবং শ্রমিকের নিখোঁজ মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার

এই ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই নুরুন নবী দৈনিক ইত্তেফাককে বলেন, ‘এই ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ করেননি। এমন স্থানীয় ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্য এই বিষয় সম্পর্কে আমাদের জানান নি।’

ইত্তেফাক/নূহু