কুমিল্লার চান্দিনায় পেট্রোল বোমায় যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত পৌঁনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট ও পাট গবেষণা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৩) চান্দিনা বাস স্টেশন অতিক্রম করে প্রায় ৫শ গজ দূরত্বে যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। মুহুর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের চালক আব্দুল মজিদ জানান, ৩৫জন যাত্রী নিয়ে ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় রওয়ানা হয়ে চান্দিনায় পেট্রোল বোমার কবলে পড়ে। বাসটির বাম দিকের মাঝামাঝি স্থানে পেট্রোল বোমাটি ছোড়া হয়েছিল। আমি দ্রুত গাড়িটি গতি নিয়ন্ত্রণ করে থামাই। যাত্রীরা জীবন রক্ষায় দ্রুত যে যার মত লাফিয়ে নামেন বাস থেকে।
বাসের যাত্রী সোহেল আহমেদ জানান, আমি যে সিটে বসা ওই সিটেই প্রথম আগুন লাগে। রাস্তার পাশ থেকে বোমাটি ছুড়তে দেখে আমি চিৎকার দিয়ে বাসের ফ্লোরে পড়ে যাই।
এদিকে খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী আফরোজ, থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদসহ পুলিশ সদস্য ও বিজিবি সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল শুরু হয়।