ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল সাতটায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোতা মাঝির ট্রলারটি সকাল ছয়টায় কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ জন যাত্রী নিয়ে আশুগঞ্জ লঞ্চঘাটে আসে। পরে ট্রলারটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাওয়ার কথা ছিল। দাঁড়িয়ে থাকা ট্রলারটিতে দ্রুত ২০ থেকে ২৫ জন যাত্রী হড়োহুড়ি করে ওঠার সময় ট্রলারটি উল্টে ডুবে যায়। এসময় ট্রলারে থাকার অধিকাংশ যাত্রীই তীরে উঠে আসে। তবে চারজন নিখোঁজ হন।
এদিকে, ট্রলারটি উদ্ধারের জন্য ইতিমধ্যে ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
ট্রলার ডুবির ঘটনার পর পর আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের তদারকি করছেন।