কক্সবাজারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সালাউদ্দীন শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার বাসিন্দা।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের পশ্চিম পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়ীর রান্নাঘরের চুলার পাশ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। 
এ ঘটনায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ডিবি ওসি দেওয়ান আবুল হোসাইন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, সালাহউদ্দিনের বিরুদ্ধে খুন, অস্ত্র, অপহরণসহ বিভিন্ন আইনে ডজন খানেক মামলা রয়েছে।