রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রবিবার সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার নেতৃত্বে হরতাল-অবরোধের নামে চলমান জঙ্গি তৎপরতা শক্ত হাতে দমন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। একের পর এক পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। তবে এতো কিছুর পরও দেশ স্বাভাবিক। শুধু সড়ক পথে কিছু নাশকতা ঘটছে। এছাড়া জনগণ বিভিন্ন জায়গায় এই অশুভ শক্তিকে প্রতিহত করছে।
গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৫তম দিনে সরকারি দলের ডা. এনামুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, আবদুল মজিদ মন্ডল, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আবদুর রহমান, মনোরঞ্জন শীল গোপাল, ডা. মোঃ আমানুল্লাহ, জাতীয় পার্টির মোঃ আমির হোসেন ও স্বতন্ত্র সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের অন্য সদস্যরা বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এই জঙ্গি কার্যক্রমকে কোনভাবেই আন্দোলন বলা যাবে না।
তারা বিএনপিকে জঙ্গি দল উল্লেখ করে বলেন, এ দলটি জনবিচ্ছিন্ন হয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। তাদের লক্ষ্য এখন দেশের জনগণ। পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে।