রাজধানীতে সাইকেল বোমাসহ বিস্ফোরক উদ্ধার

রাজধানীতে একটি সাইকেলের পাইপের ভেতর বিশেষ প্রক্রিয়ায় রাখা বিস্ফোরকসহ 
এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এতে ট্রিগারিং মেকানিজম ব্যবহার করে পুরো সাইকেলটিকেই একটি চলন্ত বোমায় পরিণত করা হয়েছে বলে র‌্যাব জানায়।
শনিবার গভীর রাতে ওই তরুণকে গেপ্তার করা হয়।  
এই ঘটনার সূত্র ধরে র‍্যাব আজ শতাধিক ককটেল ও পেট্রোলবোমাও উদ্ধার করে।
আটকদের তারা বিরোধী দল বিএনপির ছাত্রদলের নেতা-কর্মী হিসেবে চিহ্নিত করছে। বিবিসি বাংলার বরাত দিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
র‍্যাব বলছে, শনিবার গভীর রাতে ঢাকার কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি নামে একটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে রকিবুল ইসলাম নামে এক তরুণকে তারা একটি বাইসাইকেলসহ আটক করেছে। পরে পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে পুরো সাইকেলটিই একটি বোমা।
এর পাইপগুলোর ভেতরে গান পাউডার ভরা, এবং রয়েছে ট্রিগারিং মেকানিজম।
এই রকিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যায়, তারই ভিত্তিতে সকালের দিকে সূত্রাপুরের কলতাবাজারের একটি বাসায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে আরো দু’জনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় আটচল্লিশটি পেট্রোলবোমা, ৫৮টি ককটেল বোমা, একটি পাইপ বোমা, আধা-কেজি গান পাউডার ও অন্যান্য বোমা তৈরির সরঞ্জাম।
এরা সবাই ঢাকার তিতুমীর কলেজের ছাত্র এবং ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে র‍্যাব জানাচ্ছে।