২০ দলের অবরোধ ও হরতালের মধ্যে সংঘটিত নাশকতায় পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ১৭ দিন পর ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেলেন চট্টগ্রামের সুভাষ চন্দ্র সোম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান সুভাষ। বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শঙ্কর পাল জানান, সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ফলে চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাসে রাইডার পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন সুভাষসহ সাতজন। ঘটনার সময় রেয়াজউদ্দিন বাজারের আড়তকর্মী সুভাষ কাজ শেষে আগ্রাবাদের বাসায় ফিরছিলেন। প্রথমে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে আনা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুভাষ তিন মেয়ের জনক। স্ত্রী নেলী সোম ও পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদের মিস্ত্রি পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।